
জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, তিনি সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজনীয়তায় রয়েছেন এবং এ সময়ে শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে।
ভালোবাসা দিবসে দেওয়া আরেকটি পোস্টে তানিয়া বৃষ্টি জানান, তাঁর মাথায় অস্ত্রোপচার হবে এবং দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। এ খবর প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তরা তাঁর আরোগ্য কামনা করছেন।
পরিচালক সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া বৃষ্টি শারীরিক সমস্যায় ভুগছিলেন। কখনো তীব্র মাথাব্যথা, কখনো জ্বর-ঠান্ডা অনুভব করলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত।
শনিবার বিকেলে তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সন্ধ্যায় অপারেশন শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার শেষে তাঁকে পোস্ট-অপারেটিভ পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতি স্থিতিশীল হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।
তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিনোদন অঙ্গনের সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। পরিবার থেকেও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।