
ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে সাধারণত প্রস্তুতি, কৌশল ও একাদশ নিয়ে আলোচনা হয়। তবে এবার আলোচনায় এসেছে একটি সৌজন্যমূলক আচরণ—করমর্দন বা ‘হ্যান্ডশেক’। আজ কলম্বোয় পাকিস্তান অধিনায়ক সালমান আগার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সংবাদ সম্মেলনেও এ প্রসঙ্গ উঠে আসে।
গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় খেলোয়াড়রা হাত না মেলানোর ঘটনায় সূর্যকুমার নেতৃত্ব দিয়েছিলেন। পরে নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব‑১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে একই ঘটনা দেখা যায়।
আজ অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে সূর্যকুমারকে প্রশ্ন করা হয়, এবার কি দুই দলের খেলোয়াড়রা হাত মেলাবেন। তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোমতো খাওয়া‑দাওয়া করুন, ঘুমান—আগামীকালই দেখা যাবে।”
গত এশিয়া কাপে তিন ম্যাচে টস কিংবা ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলাননি। এবার সেই প্রথা ভাঙবে কি না, তা নিয়ে সাংবাদিকদের কৌতূহল ছিল প্রবল। একপর্যায়ে সূর্যকুমার বলেন, “রহস্যটা আগামীকালই ভাঙা যাক। খেলাটাই আসল বিষয়।”
এর আগে পাকিস্তান অধিনায়ক সালমান আগাও একই প্রশ্নে বলেন, ক্রিকেট তার নিজস্ব চেতনায় খেলা উচিত। তিনি যোগ করেন, “ভারত কী করবে, সেটি তাদের সিদ্ধান্ত। আমরা আগামীকালই দেখব।