
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব দিতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদেরা। তারা বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি আরও জটিল হলে ডলার ও রিজার্ভের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।
শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠকে অর্থনীতিবিদেরা জানান, বর্তমান অনিশ্চয়তার সময়ে নীতি সুদহার কমানোর মতো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিস্থিতি স্বাভাবিক হলে বিনিয়োগ বাড়াতে সুদহার কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।
বৈঠকে তারা আরও বলেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজতে হবে। বিশ্ববাজারে দাম বাড়লেও তা এখনই সরাসরি ভোক্তা পর্যায়ে চাপিয়ে দিলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
এ সময় অর্থনীতিবিদেরা বৈদেশিক ঋণ দ্রুত ছাড় করা, প্রবাসী আয় সহজভাবে দেশে আনার ব্যবস্থা জোরদার করা এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার পরামর্শ দেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।