আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করবেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ভেরিফায়েড Facebook পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্যসেবা দল ও স্বেচ্ছাসেবীরা সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার উন্মুক্ত থাকবে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
জহির রায়হান