কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে তাঁর নির্বাচনি এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, জনগণ বিনা অর্থে ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে, তাই জনগণকে বিনা অর্থেই সেবা দেওয়া তার দায়িত্ব।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়ে তিনি এলাকার মানুষের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে তিনি মূলত এলাকার উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাজ এবং সরকারি সেবার অবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছেন।
সড়ক সমস্যা বড় চ্যালেঞ্জ
লাইভে দেবিদ্বার উপজেলার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো সড়ক অবকাঠামোর দুরবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বেশ কয়েকটি সড়ক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
তিনি জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই বেশ কিছু সড়ক মেরামত ও সংস্কারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
কাজের মান ও সময় নিয়ে সতর্কতা
ঠিকাদারদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কাজের মান বজায় রাখতে হবে। একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে ঠিকাদারদের বিরত থাকার আহ্বানও জানান তিনি।
ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ড বরাদ্দ
আসন্ন ঈদকে সামনে রেখে দেবিদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়ার বিষয়েও তথ্য দেন তিনি।
তার তথ্য অনুযায়ী, দেবিদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে উপকারভোগীদের ১০ কেজি করে চাল দেওয়া হবে।
‘জবাবদিহিতা’ নামে ফেসবুক পেজ চালু
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানান, দেবিদ্বারের বিভিন্ন সরকারি প্রকল্প ও বরাদ্দ সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশের জন্য ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে।
এই পেজের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সরকারি কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ সহজেই জানতে পারবেন। একই সঙ্গে তিনি জনগণের কাছে তার কার্যক্রমের জবাবদিহিতা বজায় রাখার প্রতিশ্রুতিও দেন।
জহির রায়হান