জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল ইফতার মাহফিলে ঐক্যবদ্ধ হয়েছে, একইভাবে জাতীয় সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান নির্বাচিত সরকার কোনো প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসেনি; অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তাই সরকারের বৈধতা এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—দুটিই জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত।
তিনি আরও বলেন, সংসদ যদি পুরোনো সংবিধানের অজুহাতে সংস্কার কার্যক্রম বা শপথ প্রক্রিয়া থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণঅভ্যুত্থান ও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এতে আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ একসঙ্গে যে মিলিত হয়েছেন, তা সম্ভব হয়েছে আন্দোলনে প্রাণ দেওয়া অসংখ্য মানুষের ত্যাগের কারণে। তাদের আত্মত্যাগের কারণেই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
জহির রায়হান