পাকিস্তানের মাত্র ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংসে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। মাত্র ১৫.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ, যা পাকিস্তানের বিপক্ষে ওভার হিসেবে বাংলাদেশের দ্রুততম জয়।
তানজিদ–নাজমুলের দারুণ জুটি
শুরুতেই সাইফ হাসানের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮২ রানের জুটি। নাজমুল শান্ত ৫টি বাউন্ডারিতে ৩৩ বলে ২৭ রান করে আউট হন। তবে অপর প্রান্তে দুর্দান্ত ছন্দে ছিলেন তানজিদ।
তিনি ৫টি ছক্কা ও ৭টি চারে ৪২ বলে অপরাজিত ৬৭ রান করেন।
ইফতারের আগেই শেষ ম্যাচ
দলের ১০৯ রানে নাজমুল আউট হলে শেষদিকে তানজিদকে সঙ্গ দেন লিটন দাস। দুজন মিলে ইফতারের আগেই জয় নিশ্চিত করেন। জয়সূচক রানটি আসে মোহাম্মদ ওয়াসিমের করা একটি ওয়াইড বল থেকে।
নাহিদ রানার আগুনে বোলিং
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে পাকিস্তানের ওপেনাররা কিছুটা প্রতিরোধ গড়লেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন পেসার নাহিদ রানা।
নিজের প্রথম পাঁচ ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। সাহিবজাদা ফারহান, শামিল হোসেন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগাকে আউট করে নেন ৫ উইকেট।
মিরাজের তিন উইকেট
নাহিদের পাশাপাশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দারুণ বোলিং করেন। তিনি ১০ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট পান।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পাকিস্তানের ইনিংস থামে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে। পরে ব্যাট হাতে ঝড় তুলে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
জহির রায়হান