আগামী ২৬ ফেব্রুয়ারি রমজান মাসের মধ্যে জাতীয় সংসদ ভবন-এ বসতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম অধিবেশন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। এ বিষয়ে বাংলাদেশের সংবিধান-এর ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারায় স্পষ্ট নির্দেশনা রয়েছে। বিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন, তবে তা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতে। প্রথম বৈঠকের তারিখ ও সময় রাষ্ট্রপতির আদেশেই নির্ধারিত হয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশ করা হয় গত ১৪ ফেব্রুয়ারি। সে অনুযায়ী আগামী ১৬ মার্চের মধ্যেই নতুন সংসদের প্রথম অধিবেশন বসা বাধ্যতামূলক। তবে নির্ধারিত সময়সীমার আগেই ২৬ ফেব্রুয়ারি অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে অনুষ্ঠিত ১২টি জাতীয় সংসদের মধ্যে মাত্র তিনটির প্রথম অধিবেশন রমজান মাসে বসেছিল। ফলে এবারের অধিবেশনও বিশেষ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জহির রায়হান