জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আসামিকে জামিন পাইয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই কমিটি গঠন করে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির প্রধান হিসেবে তিনি নিজেই দায়িত্ব পালন করবেন। কমিটির কার্যপদ্ধতি নির্ধারণের জন্য বুধবার দুপুর সাড়ে ১২টায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। অভিযোগ রয়েছে, মামলায় তাঁকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।
হোয়াটসঅ্যাপের একাধিক অডিও কথোপকথনে এ ধরনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এসব অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এর আগে অভিযোগের বিষয়টি জানার পর ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাইমুম রেজা তালুকদারকে ওই মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেন। তবে তাঁর বিরুদ্ধে অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে মঙ্গলবার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রসিকিউটরদের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটায় আরেকটি বৈঠক শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। ওই বৈঠকেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, কমিটির সদস্যরা সবাই প্রসিকিউটর। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ছাড়াও আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে রাজসাক্ষী করার বিষয়কে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগসহ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও এই কমিটি তদন্ত করবে।
জহির রায়হান