২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান—টি–টোয়েন্টি ক্রিকেটে সংগ্রহটা খুব বড় নয়। তবু সেই পুঁজি নিয়েই দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান নারী ‘এ’ দলকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।
১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৬.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। সানজিদা আক্তার ৩.৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক ফাহিমা খাতুনও বল হাতে ২ উইকেট তুলে নেন।
এর আগে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখেন অধিনায়ক ফাহিমা। ৩২ বলে ৫ চারে অপরাজিত ৪০ রান করেন তিনি। অন্য প্রান্তে ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মধ্যেও ইনিংস ধরে রেখে দলকে তিন অঙ্কে পৌঁছে দেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে।
ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন ফাহিমা। রোববার ফাইনালে ভারত নারী ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ‘এ’ দল।
জহির রায়হান