ইরানের শাসন কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দেশটির সংবিধিবদ্ধ প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল-এর সদস্য, ৬৭ বছর বয়সী আলেম আলিরেজা আরাফি-কে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিলে নিয়োগ দেওয়া হয়েছে।
ইরানের প্রচলিত আইন অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই বিশেষ কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। প্রভাবশালী সালিশি সংস্থা এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল আরাফির নিয়োগ নিশ্চিত করেছে।
নবগঠিত কাউন্সিলে তাঁর সঙ্গে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মোহসেনি-এজেই। বিশ্লেষকদের মতে, এই তিন সদস্যের হাতেই এখন ইরানের রাজনৈতিক ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করছে।
নেপথ্যে ক্ষমতার সমীকরণ ও আইআরজিসি
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার ভারসাম্য নির্ধারণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–আইআরজিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরাপত্তা ও কৌশলগত নীতিনির্ধারণে প্রভাবশালী নেতা আলি লারিজানি-এর ভূমিকাও আলোচনায় রয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে হামলায় আইআরজিসির প্রধান কমান্ডার নিহত হওয়ার পর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন আহমাদ ভাহিদি।
একদিকে শীর্ষ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, অন্যদিকে সামরিক নেতৃত্বে পরিবর্তন—সব মিলিয়ে ইরান এখন একটি সংবেদনশীল রাজনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে বলে বিশ্লেষকদের মত।
জহির রায়হান