সরকার পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ১৫টি ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। প্রথম ধাপে দেশের মোট ৩৭,৫৬৪টি নারীপ্রধান পরিবার এই কার্ড পাবেন।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে। প্রতিটি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ পাঁচজন পরিবারের সদস্য সুবিধা পাবেন। যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি হলে অনুপাত অনুযায়ী একাধিক কার্ড দেওয়া হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত নারীরা মাসিক ২,৫০০ টাকা ভাতা পাবেন। ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেসব নারী ফ্যামিলি কার্ড পাবেন এবং অন্য কোনো সরকারি ভাতা গ্রহণ করছেন, তাদের জন্য সেই সুবিধা বাতিল হবে, তবে পরিবারের অন্যান্য সদস্য ভাতা গ্রহণ অব্যাহত রাখতে পারবেন।
উপকারভোগী পরিবার নির্বাচনে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত মান, বাসস্থান, রেমিট্যান্স প্রবাহসহ নানা তথ্য সংগ্রহ করে সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারগুলোকে শ্রেণিবিন্যাস করা হয়েছে। প্রাথমিকভাবে ৬৭,৮৫৪টি পরিবার তথ্য সংগ্রহ করা হলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭,৫৬৪টি পরিবার নির্বাচন করা হয়েছে।
জহির রায়হান