দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতদিন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন এসব জেলায় পৃথক প্রশাসক দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ পাওয়া ব্যক্তিরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি আদেশে উল্লেখ করা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী প্রশাসকেরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।
এর আগে শনিবার পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরও আগে গত ২৩ ফেব্রুয়ারি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতদিন এসব পদে প্রশাসনিক দায়িত্বে ছিলেন সরকারি কর্মকর্তারা।
জহির রায়হান